ইরাক সফরে ইরানের নতুন প্রেসিডেন্ট
জুলাই মাসে দায়িত্ব নেওয়া ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রথম বিদেশ সফরে গত বুধবার ইরাক পৌঁছেছেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, এভাবে তিনি ইরানের উপর থাকা অর্থনৈতিক নিষেধাজ্ঞার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে চাইছেন। গত মঙ্গলবারও রাশিয়াকে মিসাইল দেওয়ায় ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। “প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিষেধাজ্ঞার চাপ অনেকখানি কমাতে পারে,” বলে গতমাসে মন্তব্য করেছিলেন পেজেশকিয়ান।
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মেদ শিয়া আল-সুদানি বাগদাদ বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানান।
উল্লেখ্য, বর্তমানে ইরাকের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক অংশীদার ইরান। বাগদাদের রাজনীতিতেও ইরানের ভালো প্রভাব রয়েছে। প্রতিবছর লাখ লাখ ইরানি ইরাকে পবিত্র শহর নাজাফ ও কারবালা ভ্রমণ করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ানও সেখানে যাবেন।
দুই দেশের মধ্যে তেল সম্পর্কিত নয় এমন ব্যবসার পরিমাণ গত পাঁচ মাসে প্রায় পাঁচ বিলিয়ন ডলার ছিল বলে ইরানের গণমাধ্যম জানিয়েছে। ইরান প্রতিদিন ইরাকে কয়েক মিলিয়ন ঘনমিটার গ্যাস রপ্তানি করে। ইরাকের বিদ্যুৎকেন্দ্রগুলোতে এসব গ্যাস ব্যবহৃত হয়। গতবছর সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে প্রথম রেল যোগাযোগ স্থাপনের কাজ শুরু হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।