আসামির নাম কাটা নিয়ে ছাত্রদল নেতার দেনদরবার ফাঁস
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহীতে ছাত্রদলের এক নেতা বাদী হয়ে একটি মামলা করেছেন। এখন তিনি টাকার বিনিময়ে অভিযোগপত্র থেকে আসামির নাম বাদ দিতে ফোনে আলাপ করেছেন। সেই ফোনালাপ আবার ছাত্রদলের আরেক নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দিয়েছেন। এ নিয়ে রাজশাহীতে ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।
ফোনালাপের সাতটি অডিও ফেসবুকে পোস্ট করেন খোদ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান (সৌরভ)। পরে অবশ্য তিনি সেগুলো মুছে (ডিলিট) ফেলেন। তবে প্রয়োজন পড়লে তিনি সেগুলো আবার পোস্ট করবেন বলে জানিয়েছেন। মাকসুদুর জানান, আসামির সঙ্গে কথোপকথন ছাত্রদলেরই এক নেতার। তিনি নগরের বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রদলের সদস্য সাইমন রেজা। এ ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন।
তবে ছাত্রদল নেতা সাইমন রেজা দাবি করেছেন, ‘অডিওগুলো বানানো। তা না হলে ফেসবুকে দেওয়ার পর আবার ডিলিট করেছে কেন?’ তবে একপর্যায়ে তিনি স্বীকার করেছেন, আসামির সঙ্গে তার অন্য বিষয় নিয়ে কথা হয়েছে। মামলা থেকে ওই আসামির নাম বাদ দিতে ওপর মহল চাপ দিচ্ছিল। টাকার বিনিময়ে নাম কেটে দেওয়ার বিষয়ে কথা হয়নি।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা সাইমন রেজা বাদী হয়ে গত ২৭ অক্টোবর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ১০৫ জনের নাম উল্লেখ করে বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। মামলায় নগরের ১১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেলকেও আসামি করা হয়েছে। মামলায় পায়েল নামের আরেক আসামি আছেন, যিনি আওয়ামী লীগ কর্মী ও পুলিশের সোর্স হিসেবে পরিচিত। ওই পায়েলের কাছে সাইমন টাকা চেয়েছেন বলে দাবি করা হচ্ছে।
এ ব্যাপারে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান বলেন, পায়েল পুলিশের সোর্স ছিল। তার বিরুদ্ধে মামলা করা যেতেই পারে। কিন্তু আমরা টাকা আদায় করতে পারি না। দলের মধ্যে সাইমন কয়েকজনকে নিয়ে একটা সিন্ডিকেট করে এভাবে টাকা আদায় করছে। এত দিন প্রমাণ ছিল না বলে চুপ ছিলাম। প্রমাণ পাওয়ায় এগুলো প্রকাশ করেছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।