আজও কেরানীগঞ্জে সেই চাঁদাবাজি ও প্লট বাণিজ্য চলছে -সারজিস
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস বলেছেন, ৬-৭ মাস আগে খুনি হাসিনার সময় কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও প্লট নিয়ে বাণিজ্য চলত। দুঃখের বিষয়, আজও কেরানীগঞ্জে সেই চাঁদাবাজি ও প্লট বাণিজ্য চলছে। বিগত সময়ে কেউ বছর ও যুগ ধরে অভুক্ত ছিল, তারা এখন দুর্বৃত্তদের মতো ভুক্ত হয়ে উঠেছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
জুলাই অভ্যুত্থানে কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করে সারজিস বলেন, আপনারা যাঁরা এই অভ্যুথানের নেতৃত্ব দিয়েছেন, তারা এই কেরানীগঞ্জের নেতৃত্বের হাল ধরতে প্রস্তুত থাকুন। আপনারা যদি সেই সাহস নিয়ে কেরানীগঞ্জের মাটিতে দাঁড়ান, হয়তো প্রথম দিনে আপনার সঙ্গে ১০০ জন দাঁড়াবে, কিন্তু এ সংখ্যাটা কয়েক দিনের ব্যবধানে কয়েক হাজারে পরিণত হবে। এ সংখ্যাটা কয়েক মাসের ব্যবধানে লাখে পরিণত হবে। আমরা বিশ্বাস করি, ১০০ জন নিয়ে সংঘবদ্ধ হয়ে শুরু করলে অচিরেই সেটি লাখে পরিণত হবে। কিছু অর্থের বিনিময়ে আমরা যদি কারও কাছে নিজেদের বিক্রি করে দিই, তাহলে সাময়িক কিছু ক্ষমতার কারণে দাসত্ব বরণ করে নিতে হবে। সেই শৃঙ্খলের বেড়াজালে গত ১৬ বছরের মতো আবারও আমাদের বন্দী হতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।