আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে মানুষ -ড. তোফায়েল
জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হলেও স্থানীয় পর্যায়ের মানুষের মতামতে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদ।
তিনি বলেন, স্থানীয় পর্যায়ে মানুষের মতামত হচ্ছে, তারা একটি শূন্যতার মধ্যে আছেন। সেবা পাচ্ছেন না। কার কাছে যাবেন সেটা বুঝতে পারছেন না। তাই তারা এখন স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাওয়া উচিত বলে মনে করছেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও স্থানীয় নির্বাচন দ্রুত করার বিষয়ে মতামত দিচ্ছেন। যদিও রাজনৈতিক দল জাতীয় পর্যায়ে অন্য ধরনের কথা বলছে বলে জানান তিনি।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে স্থানীয় সংস্কার কমিশন প্রধান এসব কথা বলেন।
ড. তোফায়েল আহমেদ বলেন, কমিশন বেশ কিছু সংস্কার প্রস্তাব নিয়ে ভাবছেন। এর মধ্যে আছে স্থানীয় সরকারে চেয়ারম্যান বা মেয়র পদে সরাসরি নির্বাচন না করে শুধু সদস্য নির্বাচন করার পর সদস্যরাই একজন মেয়র বা চেয়ারম্যান নির্বাচন করবেন। এছাড়া দলীয় প্রতীকে নির্বাচনের পদ্ধতি বাদ দেয়া, সদস্যপদে নির্বাচন উন্মুক্ত করে দেয়া যাতে সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ সবাই নির্বাচনে অংশ নিতে পারেন, সবধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য একটি একীভূত আইন করা।
তিনি বলেন, একটি এলাকায় একই দিনে স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের নির্বাচন করা যায় কি না, সেটাও দেখা হচ্ছে। এতে নির্বাচনের খরচ কমে আসবে। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য ২৩ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। একদিনে নির্বাচন হলে ৬০০ কোটি টাকা ব্যয়ে এই নির্বাচন করা সম্ভব হতো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।