আগের ফিটলিস্ট থেকে ডিসি না করার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ‘ফিটলিস্টে’ নাম থাকা কর্মকর্তাদের জেলা প্রশাসক (ডিসি) না করার সিদ্ধান্ত হয়েছে। নতুন করে ফিটলিস্টে এতদিন ধরে বঞ্চিত কর্মকর্তাদের নাম যুক্ত করা হচ্ছে। আবার ‘নিরপেক্ষ’ কর্মকর্তাদের মধ্য থেকে বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হবে।
সরকারের উচ্চপর্যায়ের সূত্রে ঢাকা টাইমস এসব তথ্য জানতে পেরেছে। সূত্র মতে, চলতি সপ্তাহের মধ্যে দেশের সব জেলার ডিসিকে প্রত্যাহার করা হতে পারে। বৃহস্পতিবারের মধ্যে তাদেরকে ঢাকায় ফেরত আসার প্রস্তুতি রাখতে নির্দেশনাও দেওয়া হয়েছে। অর্থাৎ সব জেলা শিগগির নতুন ডিসি পেতে যাচ্ছে।
জানা গেছে, শেখ হাসিনা সরকারকে সহযোগিতা ও বিতর্কিত দ্বাদশ জাতীয় নির্বাচনের দায় নিতে হচ্ছে অধিকাংশ ডিসিদের। এসব নিয়ে অস্বস্তিতে থাকার কথা সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও মন্ত্রিপরিষদ বিভাগে জানিয়েছেন অনেক ডিসি।
এমন পরিস্থিতিতে সব জেলা প্রশাসককে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বিদ্যমান জেলা প্রশাসক পদায়ন নীতিমালা ও আগের তৈরি ডিসি ফিট লিস্ট বাতিল করা হয়েছে।
বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে থেকে নতুন ডিসি দু-এক দিনের মধ্যেই নিয়োগ দেওয়া হবে। নতুন ডিসি নিয়োগের মানদ- হবে মেধা, দক্ষতা ও সততা। এই মানদ- নির্ধারণে সরকারকে সহযোগিতা দিতে বিগত সরকারের আমলে বঞ্চিত এই তিন ব্যাচের পাঁচ কর্মকর্তাকে সমন্বয়ক করা হয়েছে। তারা হলেন বিসিএস ২৪ ব্যাচের নুরজাহান খানম ও নজরুল ইসলাম, ২৫ ব্যাচের নুরুল করিম ভুইয়া ও ফরিদা খানম এবং ২৭ ব্যাচের সারোয়ার আলম।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।