আওয়ামী লীগ নেতা বাচ্চুকে আটকের পর ছেড়ে দিলো ডিবি
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:
সরাইলের আওয়ামী লীগ নেতা মাদ্রাসাছাত্র আল আমিন হত্যা মামলার আসামি বাচ্চু মিয়াকে আটকের দুই ঘণ্টা পর ছেড়ে দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে জেলা ডিবি অফিসে প্রভাবশালী দুই বিএনপি নেতার তদবিরে ওসি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতেই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী আয়েশা আক্তার।
অনুসন্ধানে, ডিবি অফিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সরাইলের মাদ্রাসা ছাত্র আল আমিন নিহতের ঘটনার মামলায় নামীয় ৭২ জনের মধ্যে অরুয়াইল ইউপি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবেদ আলীর ছেলে বাচ্চু মিয়া ২৯ নম্বর আসামি। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক থেকে বাচ্চু মিয়া, ৪৬ নম্বর আসামি ধামাউড়ার লাল মিয়ার ছেলে দুলাল মিয়া (৪০) ও ৪২ নম্বর আসামি বাদে অরুয়াইলের যুবলীগ নেতা কিরণ আলীর ছেলে ইব্রাহিম মিয়াকে (৫২) আটক করেন ডিবি পুলিশ। ধস্তাধস্তির এক পর্যায়ে দুলাল ও ইব্রাহিমকে ছেড়ে তারা বাচ্চুকে গাড়িতে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যান এস আই উমর ফারুকের নেতৃত্বে কয়েকজন ডিবি সদস্য। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরই ওসি’র কক্ষে প্রবেশ করেন বিএনপি’র দুই প্রভাবশালী নেতা। তারা বাচ্চুকে ছাড়িয়ে আনতে তদবির শুরু করেন। রাত সাড়ে ৮টার দিকে বাচ্চুকে ছেড়ে দেয় ডিবি। হতাশ হন মামলার বাদী শফি আলী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।