আইএমএফের ঋণের প্যাকেজ বাড়ানোর ইঙ্গিত গভর্নরের
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নেওয়া ঋণের প্যাকেজটি বাড়িয়ে ৭ বিলিয়ন ডলার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, যেহেতু বর্তমান পরিস্থিতিতে আমাদের অর্থের চাহিদা রয়েছে, তাই আমরা আইএমএফ, এডিবি এবং বিশ্ব ব্যাংকের কাছে বিদ্যমান ঋণ কর্মসূচিগুলোর আওতা বাড়ানোর আবেদন করব। আমরা আইএমএফের কাছে বলব, পাকিস্তানকে ৭ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হচ্ছে। আমাদের প্যাকেজটিও যেন ৭ বিলিয়ন করা হয়।’
গত বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান গভর্নর।
পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা করা হবে জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক থেকে প্রচুর অর্থ বিদেশে পাচার হয়ে গেছে। যারা পাচার করেছে, তাদের কিছু সম্পদ দেশে আছে। দেশ ও বিদেশ দুই চ্যানেলে যেভাবেই হোক সম্পদগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করা হবে। ইতিমধ্যেই সম্পদ রিকভারি ইনস্টিটিউশন গঠনের চেষ্টা করছি। সেখান থেকে যে টাকাটা আসবে, সেটা দিয়ে আমরা ঘাটতি মেটানোর চেষ্টা করব। হয়তো সব টাকা ফেরত পাব না। ১০০ টাকার মধ্যে ৫০ টাকা পাব।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।