অস্থির নিত্যপণ্যের বাজার, মনিটরিং জোরদারের দাবি
নিত্যপণ্যের বাজারে চরম অস্থিরতা চলছে। প্রতিদিনই মাছ, গোশত ও শাক-সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
গত একদিনের ব্যবধানে সব ধরনের মুরগি, মাছ ও পেঁয়াজের দাম বেড়েছে। বাজারে নৈরাজ্য কারণ হিসেবে সরকারের মনিটরিং ব্যবস্থার দুর্বলতাকেই দায়ী করছেন ভোক্তারা।
ভোক্তাদের দাবি গত কয়েকদিনে কাঁচাবাজারে সবজির দাম দ্বিগুণ হয়েছে। বেশিরভাগ সবজি ১০০ টাকার নিচে কেনা যাচ্ছে না। আর শীতকালীন সবজির দাম আকাশচুম্বী। অচিরেই বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ চান ভোক্তা সাধারণ।
রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজারে বাংলানিউজের প্রতিনিধির সঙ্গে আলাপকালে এই ক্ষোভ প্রকাশ করেন ভোক্তারা।
ক্রেতারা জানান, বাজারে কোনো পণ্যেরই দাম কমার কোনো সুখবর নেই। দু-দিন আগে পেঁয়াজ কিনলাম ১২০ টাকা কেজি। আজ ৫ টাকা বেড়ে ১২৫ টাকা দরে কিনতে হলো। ইলিশ ধরা বন্ধ হওয়ায় মাছের বাজারও চড়া রয়েছে।
ইসমাইল হোসেন এসেছেন তালতলা বাজারে। তিনি বলেন, প্রতিদিন বাজার করে বাসায় নিয়ে গেলে পরিবারে মনোমালিন্য হয়। সংসারে চাহিদার সঙ্গে জোগান দিতে পারি না। প্রতিদিন যেভাবে দাম বাড়ছে আমাদের মতো নিম্নমধ্যবিত্তরা জীবন নিয়ে বেঁচে থাকাটাই দুরূহ হয়ে দাঁড়িয়েছে।
সিন্ডিকেট ভাঙতে না পারলে বাজারের লাগাম টানা যাবে না বলে মনে করে শেওড়াপাড়া বাজারে বাজার করতে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আবুল কাশেম।
তিনি বলেন, বাজার সিন্ডিকেটের কারণে আমরা অসহায় হয়ে পড়েছি। দোকানিরা তাদের ইচ্ছেমতো পণ্যের দাম বাড়িয়ে অতি মুনাফা করছে। এই সব অসাধু ব্যবসায়ী বিরুদ্ধে সরকারের মনিটরিং জোরদার করতে হবে।
বাজার নিয়ন্ত্রণ করা না গেলে অন্তর্বর্তী সরকারের সব সফলতা বিফলে যাবে বলে তিনি মনে করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।