অস্ত্র হাতে মিছিল, কুমিল্লায় কিশোর গ্যাং আতঙ্ক
নগরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গত জুমুয়াবার বিকালে এই অস্ত্রের মহড়ার ঘটনায় কুমিল্লা নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অস্ত্র হাতে তারা মিছিলও করে।
বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরীর রাণী দিঘির পাড়, তালপুকুরপাড়, আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের এসব মহড়া হয়। এ সময় সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।
এদিকে, জুমুয়াবার বিকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ছাড়াও শহরের আরও ২০টি উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা চলছিল। রাণীর দিঘিরপাড়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায়ও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে দিঘির দক্ষিণপাড়ে দুই থেকে তিনশ কিশোর হাতে দেশীয় অস্ত্র নিয়ে এদিক-ওদিক ছোটাছুটি করে।
এক অটোরিকশাচালক বলেন, ‘চুইট্টা চুইট্টা পোলাপাইন কী করে। এডির আতে ছেনি চাপাতি। কয়দিন পর পর এডি রাস্তার নামে। এডির বাপ-মা ডাক দেয় না। এল্লাই এডি এরুম অইছে। পুলিশ কিতা করে?’
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের মহড়ার খবর পেয়ে পুলিশ অভিযানে নামে। সন্ধ্যা পর্যন্ত অস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়। অভিযান চলছে। আমরা পুরো এলাকায় কঠোরভাবে নজরদারিতে রেখেছি। সারা রাত কঠোর অভিযান চলবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।