অনেক রাজনৈতিক দলের আঁতাত করার ইতিহাস রয়েছে -রিজভী
আওয়ামী লীগ ছাড়াও অনেক রাজনৈতিক দলের আঁতাতের ইতিহাস থাকলেও বিএনপি কখনও আঁতাত করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা বিভাজনমূলক কথা বলছেন তারা সঠিক বলছেন না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত ও নিহত ছাত্র-জনতার স্মরণে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সাধারণ রিকশা ও ভ্যানচালকের ব্যানারে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
রিজভী বলেন, আমরা অনেককেই অনেক সময় আঁতাত করতে দেখেছি। আমরা সেই আঁতাতকারী দল নই। সুতরাং, এই সামগ্রিক একটি বিজয়ের মাঝে আপনারা যে বিভেদ- বিভাজনের চেষ্টা করছেন, এটা কারও জন্যই মঙ্গলজনক হবে না।
তিনি বলেন, আজকে যারা ব্যাপক ঐক্যবদ্ধ গণতন্ত্রের বিজয়কে খ-িত করার চেষ্টা করছেন, নানাভাবে বিভাজনের চেষ্টা করছেন, তাদেরকে বলছি- এই দল (বিএনপি) প্রত্যেকটি গণতান্ত্রিক সংগ্রামের বিজয়ের নেতৃত্বদানকারী দল।
তিনি আরও বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতা-শ্রমিকের আত্মদানে আমরা এই বিজয় অর্জন করেছি। আমাদের কোনোভাবেই তাদের অবদানকে খাটো করা যাবে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।