অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ২২ মার্চ, ২০১২
 
ভাড়ার প্লেন চলছে, বসে আছে বিমানেরগুলো
আইএনবি:

নিজেদের উড়োজাহাজগুলো বসিয়ে রেখে ভাড়ার উড়োজাহাজ চালাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের নিজস্ব বহরের অর্ধেক উড়োজাহাজই অচল হয়ে পড়ে আছে। অথচ ভাড়ার উড়োজাহাজগুলোর একটি বাদে সবগুলোই সচল। বিমান সূত্র জানায়, বিমানের নিজস্ব বহরের ৮টি উড়োজাহাজের মধ্যে ৪টি এখন অচল হয়ে পড়ে আছে। বহরে থাকা ৩টি এয়ারবাসের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে একমাস ধরে পড়ে আছে বিমানের একটি এয়ারবাস। আরেকটি এয়ারবাস সিঙ্গাপুরে পড়ে আছে ৩ মাস ধরে। ৩টি ডিসি-১০ উড়োজাহাজের ২টিই এখন গ্রাউন্ডেড।
অন্যদিকে, ভাড়ায় আনা বোয়িং ৭৪৭, বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ৩টিই সচল রয়েছে। শুধু একটি এয়ারবাস এ মুহূর্তে উড্ডয়ন উপযোগী নয়। পাওনা টাকা না দেয়ায় বিদেশি পাওনাদার কোম্পানিগুলো বিমানের ইঞ্জিন ও পার্টস আটকে রাখছে। মামলার হুমকি দিচ্ছে। স্পেয়ার পার্টসের অভাবে ডিসি-১০, এয়ারবাস উড়োজাহাজ বসে আছে। ৪টি বিদেশি কোম্পানির কাছে এ মুহূর্তে বিমানের দেনার পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা। বিমান সূত্রে আরও জানা গেছে, হজের জন্য বিমান কাবো থেকে একটি বোয়িং ৭৪৭ ভাড়া নেয়। হজ্ব শেষ হয়ে গেলেও বিমান বহরের ডিসি-১০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করে বসিয়ে রেখে কাবোর ভাড়া করা উড়োজাহাজ দিয়ে এক বছর ফ্লাইট পরিচালনা করে বিমানকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়।
সূত্র জানায়, বিমান প্রথম বছর ২ হাজার ৪৫০ মার্কিন ডলারে (ঘণ্টায় ভাড়া) ২টি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ভাড়া করে। পরবর্তী বছর ভাড়া করে ২৬৫০ ডলারে। বর্তমানে বোয়িংয়ের ভাড়ার হার ঘণ্টায় প্রায় ৪ হাজার ২০০ ডলার। চড়ামূল্যে এই উড়োজাহাজ ভাড়া করার খেসারত দিতে হচ্ছে বিমানকে। বিমানের এক কর্মকর্তা জানান, সিঙ্গাপুরে পড়ে থাকা এয়ারবাসটি প্রথমে ৯ লাখ ডলারে সমাধান হলেও পরবর্তীতে আরও ৪ লাখ টাকা বাড়িয়ে ১৩ লাখ ডলারে রক্ষণাবেক্ষণের অনুমোদন দেয়া হয়। এয়ারবাসটির জন্য প্রতিদিন গড়ে ৫০ হাজার মার্কিন ডলার চার্জ দিতে হবে। এজন্য সবমিলিয়ে প্রায় ২৬ কোটি টাকা পরিশোধ করতে হবে। মেরামত না করে বসিয়ে রাখা উদ্দেশ্যেমূলক বলে মনে করেন তিনি।
বিমান সূত্র জানায়, বিমানের গুটিকয়েক কর্তা-ব্যক্তি উড়োজাহাজ ভাড়ার ব্যবসার সঙ্গে জড়িত। তারা চান নিজেদের বহরের উড়োজাহাজের চেয়ে ভাড়ায় আনা উড়োজাহাজগুলো বেশি করে চলাচল করুক। কারণ এই উড়োজাহাজ যত চলবে বিমানের ওই গুটিকয়েক ব্যক্তির কমিশনের হার তত বাড়বে। তাই ইচ্ছা করেই বিমানের বহরের উড়োজাহাজগুলো বসিয়ে রাখা হয়। মাসের পর মাস পার হলেও এগুলো মেরামত করা হয় না বিভিন্ন অজুহাতে। এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জাকীউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal