অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ২২ মার্চ, ২০১২
 
যুদ্ধাপরাধ বিচারে আরেকটি ট্রাইব্যুনাল চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক:

একাত্তরের যুদ্ধাপরাধের বিচার ‘ত্বরান্বিত’ করতে আরেকটি ট্রাইব্যুনাল গঠনের প্রজ্ঞাপন (আজ) বৃহস্পতিবারই হচ্ছে বলে সরকারের শীর্ষ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে।
প্রথম ট্রাইব্যুনাল গঠনের দুই বছর পর গঠিত হতে যাওয়া দ্বিতীয় ট্রাইব্যুনালে বর্তমান ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীরকে প্রধান করা হচ্ছে।
ওই সূত্র বুধবার জানায়, দ্বিতীয় ট্রাইব্যুনালে অন্য দুই সদস্য হচ্ছেন বিচারক ওবায়দুল হাসান ও বর্তমান ট্রাইব্যুনালের নিবন্ধক শাহীনুর ইসলাম।
ওই ব্যক্তি বলেন, বিচারক ফজলে কবীরের স্থলে প্রথম ট্রাইব্যুনালে বিচারক আনোয়ারুল হককে সদস্য করা হবে।
২৫ মার্চ থেকে নতুন ট্রাইব্যুনাল কাজ শুরু করবে বলে জানান তিনি।
যুদ্ধাপরাধের বিচারে ‘শ্লথগতি’ নিয়ে সরকারি দলের অনেক নেতার হতাশার মধ্যে দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। আরেকটি ট্রাইব্যুনাল গঠনের কথা আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রী বেশ কিছুদিন ধরেই বলে আসছিলেন।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম গত মঙ্গলবার বলেছিলেন, দুই-এক দিনের মধ্যে নতুন ট্রাইব্যুনাল গঠন করা হবে।
পুরনো হাই কোর্ট ভবনে দ্বিতীয় ট্রাইব্যুনালের অবকাঠামো স্থাপনের কাজও ইতোমধ্যে শেষ করেছে আইন মন্ত্রণালয়।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচার ছিল আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশনেই যুদ্ধাপরাধীদের বিচারে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস হলেও এই সংক্রান্ত আইন প্রণয়নের পর ট্রাইব্যুনাল গঠন করা হয় প্রায় এক বছর পর।
২০১০ সালের ২৫ মার্চ বিচারপতি নিজামুল হককে চেয়ারম্যান, বিচারপতি এ টি এম ফজলে কবীর ও অবসরপ্রাপ্ত জেলা জজ এ কে এম জহির আহমেদকে সদস্য করে গঠন করা হয় প্রথম ট্রাইব্যুনাল।
একইদিন ঘোষণা করা হয় ৭ সদস্যের তদন্তকারী প্যানেল ও ১২ সদস্যের আইনজীবী প্যানেলের সদস্যদের নাম।
জামাতের সাবেক আমির যুদ্ধাপরাধী গো’আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও কাদের মোল্লা, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিচারের প্রক্রিয়া প্রথম ট্রাইব্যুনালে চলছে।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal