 |
সম্পর্কে টানাপোড়েনের জন্য যুক্তরাষ্ট্রই দায়ী : চীন
আল ইহসান ডেস্ক
চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও রোববার বলেছেন, ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে টানাপোড়েনের সম্পর্কের জন্য যুক্তরাষ্ট্রই দায়ী এবং তা মেরামতে ওয়াশিংটনের পদক্ষেপ নেওয়া উচিত। ওয়েন বলেন, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি চুক্তি এবং তিব্বতের নির্বাসিত নেতা দালাইলামার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকসহ নানা পদক্ষেপ চীনের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। চীনের বার্ষিক পার্লামেন্টারি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ওয়েন বলেন, "চীন-মার্কিন সম্পর্কে যে মারাত্মক টানাপোড়েন চলছে, তার জন্য চীন দায়ী নয়, দায়ী যুক্তরাষ্ট্র।" চীন এখনও তাইওয়ানকে তাদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসাবেই মনে করে। তাই অখণ্ডতা ধরে রাখতে প্রয়োজনে শক্তি প্রয়োগেও তারা পিছপা হবে না। অন্যদিকে, দালাইলামাকে একজন বিচ্ছিন্নতাবাদী বলেই মনে করে বেইজিং। এছাড়াও দেশ দুটির মধ্যে ইন্টারনেট সেন্সরশিপ, মূদ্রা মান এবং বাণিজ্য বিষয়ক সম্পর্কের অবনতি ঘটেছে। চীন আগামীতে বিশ্বের সেরা সার্চ ইঞ্জিন গুগুলের প্রবেশ সেন্সরবিহীন করবে কি-না, এ রকম প্রশ্নে কোনও সরাসরি উত্তর দেননি চীনা প্রধানমন্ত্রী। গত জানুয়ারিতে চীনে বড় ধরনের হ্যাকিং হামলার পর গুগুল হুমকি দিয়েছিল, চীন থেকে ব্যবসা গুটানোর। |
|
 |