 |
ত্রাণ বিতরণে দুর্নীতির অভিযোগে হাইতিতে বিক্ষোভ
রয়টার্স
ভূমিকম্পে বিধ্বস্ত হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের মেয়রের বিরুদ্ধে ত্রাণ বিতরণে দুর্নীতির অভিযোগে রোববার পোর্ট অ প্রিন্সের উপকণ্ঠে দুর্গতরা বিক্ষোভ করেছে। ১২ জানুয়ারির ভূমিকম্পের পর পোর্ট অ প্রিন্সের পেশনভিল এলাকার এই বিক্ষোভটি ছিলো সবচেয়ে বড় বিক্ষোভ। আন্তর্জাতিক ত্রাণ বিতরণে অনিয়মের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ছিলো এটি। ওই ভূমিকম্পে দুই লাখেরও বেশি মানুষ নিহত হয় এবং প্রায় ১০ লাখ লোক গৃহহীন হয়। সারা বিশ্ব থেকে হাইতিতে বিপুল পরিমাণ চাল ও অন্যান্য ত্রাণ সামগ্রী পোঁছায়। কিন' বিতরনে অনিয়মের কারণে ক্ষুধার্ত ও গৃহহীনদের কাছে সেসব ত্রাণ পৌঁছাচ্ছে খুবই ধীরগতিতে। পেশনভিলে বিক্ষুব্ধ মানুষ প্লাস্টিকের বালতিতে গাছের ডাল দিয়ে আঘাত করতে করতে সিটি হলের দিকে এগিয়ে যায়। সিটি হলের সামনে গিয়ে তারা মেয়র লিডি পেরেন্টের বিরুদ্ধে ত্রাণসামগ্রী চুরির অভিযোগ আনে। এ সময় লিডি পেরেন্ট সিটি হলে ছিলেন না। একজন বিক্ষোভকারী বলেন, আমি ক্ষুধার্ত। লিডি পেরেন্ট আমাদের চাল না দিয়ে চুরি করছে। আমরা যেখানে থাকি সেখানে ত্রানকর্মীরা কখনোই যায় না। বিক্ষোভকারীদের বেশির ভাগই ছিলো নারী। ত্রাণ বিতরণে মূলতঃ নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে এই মনে করে যে, তারা শিশু ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ভাগাভাগি করবে পুরুষদের তুলনায় বেশি। বিক্ষোভকারী অগাস্টিন মিচৌ বলেন, আমরা সবাই এর শিকার। এই দেশটি এখন বিধ্বস্ত। আমরা সবাই পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের হারিয়েছি। বিক্ষোভকারীদের শ্লোগান ছিলো, 'পুলিশ আমাদের ওপর গুলি চালালে সবকিছু জ্বালিয়ে দেওয়া হবে।' কিন' পুলিশ কোনো ধরনের হস্তক্ষেপ না করায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষ হয়। |
|
 |