 |
শ্রম আইন চালুসহ নির্মাণ শ্রমিকদের ১১ দফা দাবি
নিজস্ব প্রতিবেদক
নির্মাণ প্রতিষ্ঠান মেগাবিল্ডার্স লিমিটেডের প্রতারণা ও নির্যাতনের প্রতিবাদে এবং নির্মাণ শ্রমিকদের জন্য শ্রম আইন চালু করাসহ ১১ দফা দাবি ও কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। গতকাল রেবাবার সকাল ১১টায় ঢাকা রিপোটার্স ইউনিটির ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি ও কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা কর্মস্থলে আহত বা নিহত নির্মাণ শ্রমিকদের পরিবারের যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট মজুরি নির্ধারণের আহ্বান জানান। এছাড়া রাজধানীর যেসব স্থানে নির্মাণ শ্রমিকরা কাজ করছে সেসব স্থানে তাদের জন্য আলাদা শ্রম ছাউনি নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা মেগাবিল্ডার্স লিমিটেডের কাজে নিয়োজিত শ্রমিকদের পাওনা পরিশোধের আলটিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২৪ মার্চ রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ, ২৯ মার্চ মেগাবিল্ডার্স লিমিটেডের কার্যালয় ঘেরাও এবং ৬ এপ্রিল রিহ্যাব কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি পেশ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লুৎফর রহমান, হেলাল উদ্দিন আহমেদ হেলালসহ অন্যান্য নেতৃবৃদন্দ। |
|
 |