 |
শুভেচ্ছা সফরে দিল্লী পৌঁছেছেন সেনা প্রধান
বাসস
সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন পাঁচদিনের শুভেচ্ছা সফরে গতকাল দিল্লী পৌঁছেছেন। ভারতীয় সেনাপ্রধান জেনারেল দীপক কাপুরের আমন্ত্রণে তিনি এই সফরে আসেন। জেনারেল মুবীনের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও চার সদস্য বিশিষ্ট এক সেনা প্রতিনিধিদল। ভারতের সামরিক গোয়েন্দা বিভাগের উপ-মহাপরিচালক ও তার স্ত্রী ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সেনাপ্রধানকে স্বাগত জানান। এছাড়া বিমানবন্দরে উপস্থিত ছিলেন নয়াদিল্লীতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মিজ মাশফি বিনতে শামস, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাকসুদুজ্জামান, সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা লেফটেন্যান্ট কর্ণেল আবু মোহাম্মদ সাইদূর রহমান এবং ভারতীয় সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাবৃন্দ। সফরকালে সেনাপ্রধান জেনারেল কাপুরের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পেশাগত স্বার্থ-সংশ্লিষ্ট ও দ্বিপক্ষীয় সামরিক ইস্যু নিয়ে আলোচনা করবেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। এছাড়া জেনারেল মুবীন ভারতীয় বিমান এবং নৌবাহিনী প্রধানগণের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। সেনা প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর মুবীনের এটিই প্রথম ভারত সফর। তবে ভারতীয় সেনাপ্রধান জেনারেল দীপক কাপুর ২০০৮ সালের জুলাই মাসে ছয় দিনব্যাপী বাংলাদেশ সফর করেন। বাংলাদেশ সেনা প্রতিনিধিদলে রয়েছেন মেজর জেনারেল হামিদ আল-হাসান, ব্রিগেডিয়ার মোহাম্মদ কামরুজ্জামান, লেফটেন্যান্ট কর্ণেল মঈনুল্লাহ চৌধুরী ও মেজর আলী রেজা। |
|
 |