al-ihsan.net
বাংলা | English

পেট্রোল পাম্পে ধর্মঘট শেষ
সরকারকে ১ মাসের আলটিমেটাম
নিজস্ব প্রতিবেদক

ধর্মঘট শেষ হয়েছে পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের ডাকে গতকাল রোববার দেশব্যাপী এই অর্ধ দিবস (সকাল ৬টা থেকে দুপুর ১২টা) ধর্মঘট পালিত হয়। ধর্মঘট শেষে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সভাপতি নাজমুল হক বলেন, আজকের ধর্মঘট ছিলো প্রতীকি। আমরা চাই আলোচনার মাধ্যমে সমাধান। তাই দাবি মেনে নিতে সরকারকে এক মাসের আল্টিমেটাম দেয়া হয়েছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে এ দাবি মানা না হলে প্রয়োজনে লাগাতার ধর্মঘটের ডাক দেয়া হবে। ধর্মঘট চলাকালে পাম্পগুলোতে তেল সরবরাহ বন্ধ ছিল। সমস্যায় পড়ে পেট্রোল ও ডিজেলচালিত যানবাহন। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, পাম্প কর্মচারীদের সঙ্গে বচসা হচ্ছে তেল নিতে আসা গাড়ি মালিক আর চালকদের। শেষে ফিরে যাচ্ছেন ব্যর্থ হয়ে। ধানমণ্ডির গাড়ি চালক শহীদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার ও পেট্রোল পাম্প মালিকদের দর কষাকষিতে ভুক্তভোগী আমরা সাধারণ জনগণ। জ্বালানির অভাবে গতকাল রোববার সকাল থেকে গাড়ি নিয়ে বের হতে পারিনি।
এদিকে অনেক গাড়ির মালিকই ধর্মঘটের প্রস্তুতি হিসেবে গাড়িতে আগেই তেল নিয়ে রেখেছিলেন। এছাড়া অনেক গাড়ি মালিককে মহল্লার ছোট ছোট দোকান থেকে জ্বালানি কিনতে দেখা গেছে।
উল্লেখ্য, তেল বিক্রির কমিশন বৃদ্ধি, ডাকাতি রোধ, পাম্পের নিরাপত্তা, ট্যাংক লরি চালকদের দুর্ঘটনা বীমা ইত্যাদি ১৩ দফা দাবিতে দেশের ৪ হাজার পেট্রোল পাম্প মালিক ও ট্যাংক লরি শ্রমিকরা এ ধর্মঘট ডাকে। এ নিয়ে পাম্পমালিক ও বাংলাদেশ প্রেট্রোলিয়াম কর্পোরেশনের মধ্যে প্রায় ৫ ঘণ্টাব্যাপী বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ায় পূর্ব ঘোষিত ধর্মঘট পালিত হয়।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal