 |
দেলোয়ারের পদত্যাগ চাওয়ার সাহস কারো নেই -সাকা
আইএনবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খোন্দকার দেলোয়ার হোসেনকে দলের মহাসচিব করেছেন। তিনি যতক্ষণ পর্যন্ত তার এ সিদ্ধান্ত পরিবর্তন না করবেন ততক্ষণ দেলোয়ারের পদত্যাগ চাওয়ার সাহস বিএনপিতে কারো নেই। আমার তো নেইই। তাছাড়া দেলোয়ারের মতো প্রাজ্ঞ রাজনীতিবিদকে রাজনৈতিক পরার্মশ দেয়ার ঔদ্ধত্যো আমার নেই। গতকাল রোববার ধানমণ্ডির নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের ভেতর কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন। বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করতে তার অসুস্থতার সুযোগ নিতে চেষ্টা করছেন। দেলোয়ারের পদত্যাগ নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিবিদদের রাজনীতি করতে দিন। দয়া করে আপনারা রাজনীতি করবেন না। সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, দলের দু:সময়ে খোন্দকার দেলোয়ার হোসেন যে প্রজ্ঞা, মেধা, আনুগত্য দেখিয়েছেন তাতে ব্যক্তিগতভাবে আমি মনে করি দেলোয়ারের আরো দশ বছর মহাসচিব থাকা উচিত। তবে শারীরিকভাবে তিনি কতটা গুরু দায়িত্ব পালন করতে পারবেন তা তাকেই বুঝতে হবে। |
|
 |