 |
রাবি ক্যাম্পাস থেকে বোমা উদ্ধার
রাজশাহী প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি অবিস্ফোরিত হাত বোমা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে মতিহার থানা পুলিশ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উত্তর পাশ থেকে বোমাটি উদ্ধার করে। মতিহার থানার ওসি তোফাজ্জেল হোসেন খান সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন পথচারী স্টেডিয়ামের উত্তর পাশ দিয়ে যাওয়ার সময় একটি প্যাকেট দেখতে পায়। তাদের সন্দেহ হলে বিষয়টি তারা পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে প্যাকেটের ভেতরে লাল স্কচটেপে মোড়ানো বোমাটি উদ্ধার করে। ভীতি সৃষ্টির জন্য বোমাটি রাখা হয়েছিলো বলে পুলিশ ধারণা করছে। কারা এ বোমাটি রেখেছিলো- সে বিষয়ে অনুসন্ধান চলছে বলে ওসি জানান। গত ৮ ফেব্র"য়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ইসলামী ছাত্র শিবিরের হামলার পর এ পর্যন্ত ১০টি বোমা উদ্ধার করা হলো। ছাত্র শিবিরের হামলার দিন শাহ্ মখদুম হলে ছাত্রলীগকর্মী ফারুক হোসেনকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাজশাহী জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতা ও শিবির নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। |
|
 |