 |
মে মাসে উপকূলীয় এক হাজার ইউপি নির্বাচন
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর ২শ ১২টিসহ উপকূলীয় প্রায় ১ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী মে মাসে অনুষ্ঠিত হবে। বর্ষার আগেই এসব ইউনিয়নের নির্বাচন শেষ করতে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ করার কাজও শেষ হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামছুল হুদা নোয়াখালীর বিভিন্ন উপজেলায় সিইসি সার্ভার স্টেশন স্থাপনের স্থান পরিদর্শন উপলক্ষে এক দিনের সফরে এসে গতকাল রোববার সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, আসছে বর্ষা মৌসুমের আগেই নির্বাচন কমিশন উপকূলীয় জেলাগুলোর ইউনিয়ন পরিষদ নির্বাচন সেরে ফেলতে চায়। এজন্য দ্রুত কাজ এগিয়ে নিচ্ছে। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলের জেলাগুলোর মধ্যে নোয়াখালীর ৮৩, ফেনীর ৭৬, লক্ষ্মীপুরের ৫৩, চাঁদপুরের ৯৪, চট্টগ্রাম সদরের ২৪৫, কক্সবাজারের ৬৭, বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর মধ্যে বরিশালের ১০৭ , ভোলার ৬২, বরগুনার ৩৮, ঝালকাঠির ৩২, পটুয়াখালীর ৬৪, পিরোজপুরের ৫১ উপকূলীয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। সংসদ নির্বাচনের মতো উপকূলীয় এলাকার ইউনিয়ন পরিষদের নির্বাচনও ভোটারদের কাছে সমান গুরুত্ব পাচ্ছে। আগামী মে মাসে উপকূলীয় ১৯ জেলায় ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এদিকে এসব ইউনিয়ন পরিষদগুলোর মেয়াদ ২ বছর আগেই উত্তীর্ণ হয়েছে। ২০০৩ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের মেয়াদ শেষ হয় ২০০৮ সালে। নির্বাচনের বিষয়ে নোয়াখালী জেলা নির্বাচন কমিশনার আক্তার হোসেন শীর্ষ নিউজ ডটকমকে জানান, মে মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন থেকে জেলা নির্বাচন অফিসারদের নিয়মিত তথ্য উপাত্তসহ আনুষ্ঠানিক সরঞ্জামাদি সরবরাহ শুরু হয়েছে। |
|
 |