al-ihsan.net
বাংলা | English

ভারতের সাথে সীমান্ত সংঘর্ষ বিচ্ছিন্ন ঘটনা: ডা. দীপু মণি
নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি ভারতের সীমান্ত বাহিনী বিএসএফ ও বাংলাদেশের বিডিআরের মধ্যকার সংঘর্ষকে বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, অবস্থা আরো খারাপ হলে প্রয়োজনে ভারতের সর্বোচ্চ পর্যায়ে এ নিয়ে আলোচনা করা হবে। তিনি গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সাথে যৌথ নদী কমিশনের বৈঠক আগামী ১৭ মার্চ অনুুষ্ঠিত হবে। ওই বৈঠকে মূলত ভারতের সাথে অমীমাংসিত নদীগুলোর সীমানা নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়া বাওয়ের আমন্ত্রণে আগামী ১৭ মার্চ সন্ধ্যায় চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরকালে বাংলাদেশের ৩টি চুক্তি স্বাক্ষরিত হবে। চুক্তিগুলি হচ্ছে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা চুক্তি, শাহ জালাল সার কারখানার ফ্রেমওয়ার্ক চুক্তি এবং চীন-বাংলাদেশ ৭ম মৈত্রী সেতু চুক্তি।
পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি বলেন, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে তিনি ছাড়াও শিল্পমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এবং ব্যবসায়ীদের প্রতিনিধি থাকবেন।
তিনি বলেন, চীনের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি প্রায় ৩.৫ বিলিয়ন। এ সফরে উভয় দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর ব্যাপারেও আলোচনা করা হবে।
তিনি চীনের চট্টগ্রাম বন্দর ব্যবহার প্রসঙ্গে বলেন, ভারত, নেপাল, ভুটান ছাড়াও চীনকেও চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দেয়া হবে। আমাদের গভীর সমুদ্র বন্দর প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য চীনের মতো দেশকে আমাদের প্রয়োজন হবে।
মায়ানমারের সাথে সমুদ্র সীমা জটিলতা নিরসনে চীনের সাথে আলোচনা করা হবে বলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন। কারণ হিসেবে তিনি বলেন, চীনের সাথে মায়ানমারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ কারণে এ বিষয়ে চীনের সাথে আলোচনা করা হবে।
তিনি রোহিঙ্গাদের বিষয়ে যুক্তরাষ্ট্রে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সে বিষয়ে বলেন, যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এর পরিসংখ্যান মিথ্যা।
তিনি এ বিষয়ে আরো বলেন, সরকার বাংলাদেশিদের সাথে যে রকম ব্যবহার করছে, রোহিঙ্গাদের ক্ষেত্রেও সে রকম আচরণ করছে।
পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি সাংবাদিক সম্মেলনে চীনের সাথে চুক্তির ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন, চীনের সাথে বাংলাদেশের রেল ও সড়ক যোগাযোগ, ২য় পদ্মা সেতু এবং সামরিক সরঞ্জাম ক্রয় বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal