 |
রাজধানীতে যে কোন মুহূর্তে অস্ত্র উদ্ধার অভিযান
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে অবৈধ অস্ত্র উদ্ধারে যে কোন মুহূর্তে বিশেষ অভিযান শুরু করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে চলবে মাদক বিরোধী অভিযান। ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক শনিবার বিকেলে এক অনুষ্ঠানে অস্ত্র উদ্ধারের এই আভাস দেন। তিনি বলেন, দু' এক দিনের মধ্যেই রাজধানীতে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে পুলিশ। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকাকে মাদকমুক্ত করতে নিরলস চেষ্টা করছে পুলিশ। জানা গেছে, রাজধানীতে সমপ্রতি বেড়ে গেছে অবৈধ অস্ত্রের সংখ্যা। তাই মাঝে-মধ্যেই গুলির ঘটনা ঘটছে। কখনো কখনো তা রূপ নিচ্ছে বন্দুক যুদ্ধে। ফলে নগরীর শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি হুমকির মুখে পড়েছে। ডিএমপি সূত্র জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে অতীতে অনেক অভিযান চলেছে এবং এখনও চালু আছে নিয়মিত অভিযান। তবে সামপ্রতিক সময়ের বেশ কিছু বিষয় মাথায় রেখে পুলিশ সন্ত্রাসীদের দখলে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের পরিকল্পনা করেছে। এর অংশ হিসেবে মাঠে নামবে থানা পুলিশ। সঙ্গে থাকবে গোয়েন্দারা। সূত্র জানিয়েছে, অস্ত্রবাজদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তাদের সম্ভাব্য অবস্থান নিশ্চিত করতে পুলিশ এখন কাজ করছে। ডিএমপি কমিশনার জানিয়েছেন, বিশেষ অভিযানে টহল দলের পাশাপাশি রাজধানীর বেশ কিছু স্পটে চেকপোস্ট বসানো হবে। তবে অহেতুক এ অভিযানে যাতে কেউ হয়রানির শিকার না হন সেদিকে বিশেষ নজর রাখতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। কমিশনার আরো বলেন, রাজধানীতে মাদক নিয়ন্ত্রণের জন্য সরকারের একটি সংস্থা রয়েছে। পুলিশও মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক ব্যবসায়ীদেরও গ্রেফতার করা হবে। |
|
 |