 |
অধিকতর তদন্তের জন্য সাবেক স্পিকারের দুর্নীতির অভিযোগ এখনো দুদকে পাঠানো হয়নি
এনএনিব
সাবেক স্পিকার ব্যারিষ্টার জমির উদ্দিন সরকারসহ অষ্টম সংসদের তিন ভিআইপির অনিয়ম ও দূর্নীতির ঘটনা অধিকতর তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ পাঠানোর কথা থাকলেও অজ্ঞাত কারণে ৬ মাসেও তা পাঠানো হয়নি। জাতীয় সংসদে সাধারণ আলোচনার পর ওই সিদ্ধান্ত নেয়া হলেও উপরিমহলের নির্দেশ না পাওয়ায় সংসদ সচিবালয় সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ নেয়নি। এদিকে সংসদীয় তদন্তে অনিয়ম ও দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক স্পিকার নির্বাচিত হওয়ার প্রায় এক বছর পর আগামীকাল বুধবার প্রথম সংসদে যাচ্ছেন। সংসদে তিনি এবিষয়েও কথা বলবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন। নবম জাতীয় সংসদের প্রথম আধিবেশনে ১৯ মার্চ সাবেক স্পিকারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তদন্তে সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে প্রধান করে ১১ সদস্যবিশিষ্ট সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হয়। বিরোধী দল প্রত্যাখ্যান করলেও এই কমিটি দীর্ঘ তদন্তের পর দুর্নীতির প্রমাণপত্রসহ ৬জুলাই সংসদে ৭৮৪ পৃষ্ঠার একটি তদন্ত রিপোর্ট দাখিল করে। সংসদের তৃতীয় অধিবেশনে গত ১৩ অক্টোবর ওই রিপোর্ট নিয়ে সাধারণ আলোচনার পর জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে আত্মসাৎকৃত অর্থ আদায়ে আইনগত ব্যবস্থা গ্রহণ, তাঁর মাধ্যমে নিয়মবহির্ভূত নিয়োগ ও বাসা বরাদ্ধ বাতিল, অধিকতর তদন্তে সংসদীয় তদন্ত রিপোর্ট দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়। কিন' এখনো পর্যন্ত ওই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, জাতীয় সংসদে সিদ্ধান্ত হলেও সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে এখনো তাদের কোন নির্দেশনা দেয়া হয়নি। নির্দেশ পাওয়ামাত্র তা বাস্তবায়নের প্রস্থতি তাদের রয়েছে। তবে অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের তালিকা যাচাই-বাছাই চলছে। জানাগেছে, সরকারের নীতি নির্ধারকমহল এই বিষয়টি নিয়ে আর অগ্রসর হতে চান না। কারণ বিষয়টি নিয়ে সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণসহ যে আলোচনা হয়েছে সেটাই অনেক বলে তারা মনে করছেন। আর নতুন করে তদন্ত করতে গেলে সেটা বিরোধী দলের জন্য নতুন ইস্যু তৈরি করবে। তাই জটিলতা এড়াতে এবিষয় সকল কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। এদিকে সাবেক স্পিকার জমির উদ্দির সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের অনিয়ম-দূর্নীতির তদন্ত রিপোর্ট নিয়ে বর্তমান প্রধান বিরোধী দল বিএনপি সংসদের বাইরে অনেক বক্তৃতা বিবৃতি দিলেও সংসদে কোন কথা বলেননি। তারা ওই সময়ে সংসদেও ছিলেন না। কিন' এবার তারা কথা বলবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন। গত ৪ফেব্রুয়ারী বিএনপি’র সংসদীয় দলের বৈঠকে সংসদ অধিবেশনে যোগদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অধিবেশনে যোগদানের জন্য দলীয় সংসদ সদস্যদের আগামীকাল বুধবার সংসদে উপসি'ত থাকার জন্য বলা হয়েছে।সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণের প্রস্ততি নেয়ার জন্যও বলা হয়েছে। অন্যদিকে সংসদ সদস্য নির্বাচিত হলেও জমিরউদ্দিন সরকার আগামীকাল প্রথম সংসদে যোগ দিবেন। গত ২এপ্রিল অনুষ্ঠিত উপ-নির্বাচনে বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেড়ে দেয়া বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হলেও দল সংসদ বর্জন করায় তিনি এক দিনের জন্যও সংসদ অধিবেশনে যোগ দিতে পারেননি। অধিবেশন কক্ষে স্পিকারের বাম পাশে প্রথম সারিতে তৃতীয় আসনটি তার জন্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া একই উপ-নির্বাচনে বগুড়া-৭ আসন থেকে নির্বাচিত সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদও আগামীকাল প্রথম অধিবেশনে যোগদিবেন। তিনি স্পিকারের বাম পাশের প্রথম সারির দ্বিতীয় আসনে বসবেন বলে জানা গেছে। |
|
 |