al-ihsan.net
বাংলা | English

চলতি বছর এমপিওভুক্তির জন্য ১শ’১২ কোটি টাকা বরাদ্দ
এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি থাকছে না -শিক্ষামন্ত্রী
বাসস

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (্‌এসএসসি) পরীক্ষায় গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি থাকছে না।
শিক্ষামন্ত্রী গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
নূরুল ইসলাম নাহিদ বলেন, চলতি সালের এসএসসি পরীক্ষায় শুধুমাত্র বাংলা প্রথম পত্র ও ধর্ম শিক্ষা বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি কার্যকর হচ্ছে।
আগামী ১১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে।
চলতি বছর থেকে অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষা শুরু হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশব্যাপী একই প্রশ্নপত্রে অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর ফলে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার মান বাড়বে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার পর ৩ বছরের মাথায় অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষায় সরকারিভাবে সনদপত্র দেয়া হবে। ফলে নিম্ন মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও অনেক কমে যাবে।
শিক্ষামন্ত্রী বলেন, চলতি সালে এমপিওভুক্তির জন্য ১শ’১২ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ অর্থ দিয়ে অপেক্ষমান বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে।
শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্তির ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতি চালু করা হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির শর্ত ভঙ্গ করলে সরাসরি এমপিও স্থগিত কিংবা বাতিল না করে সময় বেঁধে দিয়ে পর্যায়ক্রমে তা বাস্তবায়নেরও সুযোগ রাখা হয়েছে।
শিক্ষা সচিব, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ সময় উপসি'ত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন জনবল কাঠামোর বাইরে কোনো প্রতিষ্ঠানে যদি এমপিওভুক্ত অতিরিক্ত জনবল থাকলে তারা বেতন-ভাতাদির সরকারি অংশ পাবেন।
এছাড়া প্রয়োজনবোধে নীতিমালা প্রণয়নের মাধ্যমে সরকার এমপিওভুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি করতে পারবেন।
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অতিরিক্ত সহকারি শিক্ষক, প্রভাষক, ডেমোনেস্ট্রেটর প্রভৃতি পদ অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক এবং দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এবং সহকারি সুপারিনটেনডেন্ট-এর বেতন স্কেল আপগ্রেড করা হয়েছে। এ ক্ষেত্রে ৩ হাজার ১১৮ জন প্রধান শিক্ষক, ১২ হাজার ৪শ’ জন সহকারি প্রধান শিক্ষক, ৫ হাজার ১৪১ জন সুপারিনটেনডেন্ট এবং ৫ হাজার ১৪১ জন সহকারি সুপারিনটেনডেন্ট উচ্চতর স্কেলের সুবিধা পাবেন।




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal