 |
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অবশ্যই হায়াতুন নবী-১
-হাফিযুল হাদীছ মাওলানা মুহম্মদ ফযলুল হক।
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, “নবী-রসূল আলাইহিমুস সালামগণ স্বীয় রওযা শরীফ-এ জীবিত থাকেন। উনারা রওযা মুবারকে নামাযও আদায় করেন।” (তারীখে ইস্পাহান ২/৮৩, ফয়জুল ক্বাদীর ৩/১৮৪, আবূ ইয়ালা, দায়লামী/৪০৪) অর্থাৎ সমস্ত নবী-রসূল আলাইহিমুস সালামগণই স্বীয় রওযা মুবারকে জীবিত রয়েছেন। এমনকি উনারা স্বীয় রওযা শরীফ-এ অবস্থানকালে আল্লাহ পাক-এর ইবাদত বন্দেগীতেও মশগুল রয়েছেন। অন্যত্র ইরশাদ হয়েছে, হযরত আউস বিন আউস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, “নিশ্চয়ই আল্লাহ পাক যমীনের জন্য নবী-রসূল আলাইহিমুস সালামগণের শরীর মুবারককে ভক্ষণ করা (নষ্ট করা) হারাম করে দিয়েছেন।” (আহমদ, আবূ দাঊদ, নাসাঈ, ইবনে মাযাহ, ইবনু হিব্বান, মুস্তাদরাকে হাকিম, কানযুল উম্মাল- ৩২২৪১) অর্থাৎ নবী-রসূল আলাইহিমুস সালামগণকে স্বীয় রওযা মুবারকে রাখার পর থেকে ক্বিয়ামত পর্যন্ত সে অবস্থায়ই থাকবেন। উল্লেখ্য যে, নবী-রসূল আলাইহিমুস সালাম তো দূরের কথা, ওলীআল্লাহগণ বা শুহাদায়ে কিরামগণও স্বীয় মাযার শরীফ-এ অক্ষত অবস্থায় থাকেন। অর্থাৎ ওলীআল্লাহগণ ও শুহাদায়ে কিরামগণও মৃত্যুবরণ করেন না। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, “যাঁরা আল্লাহ পাক-এর রাস্তায় শহীদ হয়েছেন তোমরা তাদেরকে মৃত বলো না। বরং তাঁরা জীবিত। অথচ তোমরা তা উপলব্ধি করতে পারছো না।” (সূরা বাক্বারা-১৫৪) অর্থাৎ যাঁরা মহান আল্লাহ পাক-এর মতে ও পথে থাকতে গিয়ে তথা দ্বীন ইসলাম বিজয়ের লক্ষ্যে মহান আল্লাহ পাক-এর সন'ষ্টির জন্য জীবন দিয়েছেন বা শহীদ হয়েছেন স্বয়ং আল্লাহ পাকই উনাদেরকে ‘আহ্ইয়াউন’ বা জীবিত বলেছেন। আর ওলীআল্লাহগণের শানেও বলা হয়েছে, “ওলীআল্লাহগণ মৃত্যু বরণ করেন না বরং তাঁরা অস্থায়ী জগত থেকে স্থায়ী জগতের দিকে প্রত্যাবর্তন করেন।” (মিরকাত শরীফ ৩য় খণ্ড ২৪১ পৃষ্ঠা) এছাড়াও আমভাবে সমস্ত নবী-রসূল আলাইহিমুস সালামগণও স্বীয় রওযা মুবারকে জীবিত রয়েছেন। যেমন, কিতাবে উল্লেখ করা হয়েছে, “নিশ্চয়ই হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত মূসা আলাইহিস সালামকে উনার রওযা মুবারকে নামাযরত অবস্থায় দাঁড়ানো দেখেছেন। অনুরূপভাবে হযরত ইব্রাহীম আলাইহিস সালামকেও দেখেছেন। (মিরকাত ৩য় জিঃ ২৪১ পৃষ্ঠা) উপরোক্ত দলীলভিত্তিক আলোচনায় এটাই ছাবিত হলো যে, ওলীআল্লাহগণসহ শুহাদায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ স্বীয় মাযার শরীফ-এ এবং সমস্ত নবী-রসূল আলাইহিমুস সালামগণ স্বীয় রওযা শরীফ-এ জীবিত রয়েছেন। তাহলে যিনি সমস্ত নবীদের নবী, রসূলদের রসূল এমনকি সমস্ত কায়িনাতের নবী ও রসূল তিনি কি করে রওযা মুবারকে জীবিত নন? অবশ্যই তিনি রওযা মুবারকে জীবিত অবস্থায় রয়েছেন। কারণ তিনি হায়াতুন নবী। |
|
 |